Poemসাহিত্য

শ্রীমতী সরোজিনী

শ্রবণ করুন (Listen with Voice Reader)
Bengali Voice Audioএইচডি কণ্ঠ (HD Voice)

সম্পূর্ণ সাহিত্যকর্মটি স্পষ্ট বাংলায় শুনুন

শ্রীমতী সরোজিনী
তোমারে আমি চিনি
তোমার সাথে অতীতে কত
হৃদয় বিকিকিনি

হয়েছে, সেই স্মৃতি
জাগিয়ে রাখে তিথি
অতন্দ্র চন্দ্রমার ছায়ায়
কত যে প্রেম প্রীতি

মানস সরসীতে
দেখেছি আরশিতে
লীলা তোমার লীলাবতী
নীরবে নিভৃতে

না রেখে কোনো দাবি
আজকে শুধু ভাবি
পাবো কোথায় গত দিনে
ফিরে যাওয়ার চাবি

শ্রীমতী সরোজিনী
হৃদয় নিলে জিনি
বাজালে সুর মোহমধুর
রিনিকি রিনিঝিনিনি

সে সুর আজো এ মনে
বাজিয়া যায় কেমনে
ভেবে ভেবেই যায় বেলা
জীবন পরিক্রমণে

তোমারে আমি চিনি
শ্রীমতী সরোজিনী
বুকের মাঝে বহতা নদী
গভীর গরজিনী

দুপুর ১২:৩৭
০৫.০৬.২০২৩
চট্টগ্রাম

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)@jtmnandy

চার দশকের পেশাদার সাংবাদিক (দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ), কবি এবং সা’দত হাসান মান্টো ও পাওলো কোয়েলহোর মূল অনুবাদক।

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)