[শিল্পে-সাহিত্যে পরাবাস্তবতাবাদী আন্দোলনের অন্যতম প্রবর্তক, প্রখ্যাত ফরাসি কবি পল এলুয়ার (১৮৯৫-১৯৫২)-এর কবিতা ‘লিবার্তে’র বঙ্গানুবাদ ‘স্বাধীনতা’ শিরোনামে।]
স্বাধীনতা
আমার স্কুলের খাতায়
আমার ডেস্কে আর গাছপালায়
বালিতে তুষারে
আমি তোমার নাম লিখি
পড়ার সব পৃষ্ঠায়
সব সাদা পৃষ্ঠায়
পাথরে রক্তে কাগজে বা ছাইয়ে
আমি তোমার নাম লিখি
সোনালি ছবিগুলিতে
যোদ্ধাদের হাতিয়ারে
রাজাদের মুকুটে
আমি তোমার নাম লিখি
অরণ্যে আর মরুভূমিতে
পাখির নীড়ে আর ঝোপঝাড়ে
আমার শৈশবের প্রতিধ্বনিতে
আমি তোমার নাম লিখি
রাতের বিস্ময়ে
দিনের সাদা রুটিতে
বাগদানের ঋতুতে
আমি তোমার নাম লিখি
আমার নীল কাপড়ের টুকরোগুলোতে
শ্যাওলা ঢাকা রোদেলা পুকুরে
জীবন্ত চাঁদের সরোবরে
আমি তোমার নাম লিখি
দিগন্তছোঁয়া মাঠে
পাখির ডানায়
আর ছায়াকলে
আমি তোমার নাম লিখি
ভোরের প্রতিটি নিঃশ্বাসে
সাগরে নৌকায়
পাগল পাহাড়ে
আমি তোমার নাম লিখি
মেঘের ফেনায়
ঝড়ের ঘামে
ভারী আর মৃদু বৃষ্টিপাতে
আমি তোমার নাম লিখি
ঝলমলে রূপে
রঙের ঘণ্টায়
শারীরিক সত্যে
আমি তোমার নাম লিখি
জাগ্রত পথে
খুলে যাওয়া রাস্তায়
উপচে পড়া চত্বরে
আমি তোমার নাম লিখি
আলো দেয়া বাতিতে
নিভে যাওয়া বাতিতে
আমার পুনর্মিলিত বাড়িতে
আমি তোমার নাম লিখি
অর্ধেক কাটা ফলে
আয়না থেকে আর আমার ঘর থেকে
আমার তোশকহীন খাটে
আমি তোমার নাম লিখি
আমার লোভী আর ভীরু কুকুরের গায়ে
তার খাড়া কানে
তার আনাড়ি থাবায়
আমি তোমার নাম লিখি
আমার দরজার গোবরাটে
চেনা জিনিসপত্রে
আগুনের পবিত্র স্রোতে
আমি তোমার নাম লিখি
মঞ্জুর হওয়া সব মাংসে
আমার বন্ধুদের ললাটে
প্রসারিত প্রতিটি হাতে
আমি তোমার নাম লিখি
চমকের কাঁচে
মনোযোগী ঠোঁটে
নৈঃশব্দ্যের অনেক উঁচুতে
আমি তোমার নাম লিখি
আমার বিধ্বস্ত আশ্রয়স্থলে
আমার ভেঙে পড়া বাতিঘরে
আমার একঘেয়েমির দেয়ালে
আমি তোমার নাম লিখি
নিষ্কাম অনুপস্থিতিতে
নগ্ন একাকিত্বে
মৃত্যুর মিছিলে
আমি তোমার নাম লিখি
পুনরুদ্ধারকৃত স্বাস্থ্যে
কাটিয়ে ওঠা বিপদে
স্মৃতিহীন আশায়
আমি তোমার নাম লিখি
আর এই একটি শব্দের শক্তিতে
আমি আবার শুরু করি আমার জীবন
তোমাকে জানার জন্যই আমার জন্ম
তোমাকে নাম দেয়ার জন্য
রাত ৯:২৯
২৫.১০.২০২২
ঢাকা