পাবলো নেরুদা (বামে) ও ফিদেল কাস্ত্রো
[চিলি’র সাম্যবাদী ও পরাবাস্তববাদী নোবেলবিজয়ী কবি পাবলো নেরুদা (১৯০৪-১৯৭৩) তাঁর এ কবিতায় কিউবান নেতা ফিদেল কাস্ত্রো (১৯২৬-২০১৬)’র জন্যে লাতিন আমেরিকা তথা সারা বিশ্বের নিপীড়িত মানুষদের অনুভবকে তুলে ধরেছেন। নেরুদা এ কবিতাকে বলেছেন “আমার দেশের একপেয়ালা মদ” প্রিয় ফিদেলের জন্যে। কিউবান বিপ্লবে নেতৃত্ব দিয়ে কাস্ত্রো স্বদেশকে শুধু স্বাধীনই করেন নি, মার্কিন সাম্রাজ্যবাদের একেবারে থাবার তলায় বসে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সে-স্বাধীনতাকে বজায় রাখার পাশাপাশি দেশের পুনর্গঠন করছেন। ব্যক্তিমানুষ হিসেবে ও দেশশাসক হিসেবে ফিদেল কাস্ত্রোর বহু বিরূপ সমালোচনা এমনকি তথাকথিত বামদের মুখেও বিস্তর শুনতে পাই। কিন্তু তবুও কাস্ত্রো আমাদের কাছে সাম্রাজ্যবাদ-বিরোধিতা আর আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতীক হয়ে আছেন, তাঁর মৃত্যুর পরও। নেরুদার এ কবিতাতেও শুনতে পাই আমাদের এ অনুভবের প্রতিধ্বনি।
আজ ১৩ আগস্ট কাস্ত্রো’র ৯৪তম জন্মদিনে এ অনুবাদ উৎসর্গ করছি এই মহান জননেতার স্মৃতির উদ্দেশ্যে।]
………………………………………………………………………….
ফিদেল কাস্ত্রোর জন্যে কবিতা (প্রতিবাদের গান)
ফিদেল, ফিদেল, জনগণ কৃতজ্ঞ
কাজে পরিণত শব্দগুলো আর গানে পরিণত কর্মগুলোর জন্যে,
সেজন্যেই অনেক দূর থেকে এনেছি
আমার দেশের একপেয়ালা মদ:
এটা আমাদের দেশের ভূগর্ভস্থ মানুষদের রক্ত
যা ছায়ান্ধকার থেকে গিয়ে পৌঁছবে তোমার গলায়,
তারা খনিশ্রমিক বেঁচে আছে শত শত বছর ধরে
হিমজমাট ভূমির অতল থেকে আগুন বের করে আনার কাজ করতে করতে।
কয়লার জন্যে ওরা সাগরের নিচে চলে যায়
তবে বেরিয়ে আসার পর তাদের দেখায় ভূতের মতোই
চিররাত্রির তমসায় তারা অভ্যস্ত হয়ে পড়ে,
তাদের সব কর্মদিনের আলো ছিনতাই হয়ে যায়,
তারপরও অত কষ্ট আর দূরত্বের
এই পেয়ালা নাও:
অন্ধকার আর বিভ্রান্তির বেড়াজালে
বন্দী মানুষদের আনন্দ
যারা অনেক নিচের খনিগর্ভ থেকে তুলে আনে
বসন্তের আগমনী আর সুগন্ধ
কারণ তারা জানে মানবজাতি লড়াই করছে
বিশদ স্বচ্ছতায় পৌঁছানোর জন্যে।
আর কিউবাকে আমরা দেখতে পাই
দক্ষিণাঞ্চলের খনিশ্রমিকদের মধ্যে,
লা পাম্পা’র* নিঃসঙ্গ সন্তানদের মধ্যে,
পাতাগোনিয়ায় শীতের মেষপালকদের মধ্যে,
টিন আর রুপোর জনকদের মধ্যে,
কার্দিলেরাদের** যারা বিয়ে করেছে তাদের মধ্যে,
চুকিকামাটার খনি থেকে যারা তামা তুলে আনে তাদের মধ্যে,
বাসের ভেতরে লুকোনো লোকগুলোর মধ্যে,
কিংবা বিশুদ্ধ স্মৃতিবেদনার জনসংখ্যার মধ্যে,
ক্ষেতের আর কারখানার মেয়েদের মধ্যে,
সারা শৈশব কেঁদে কাটানো শিশুদের মধ্যে:
এটাই পেয়ালা, নাও এটা, ফিদেল।
এত আশায় ভরা এটা যে
পান করলেই তুমি বুঝতে পারবে তোমার জয়
আমার দেশের পুরোনো মদের মতো
একজন নয় বরং বহুজনের সমবেত প্রয়াসে বানানো
শুধু আঙুরের নয় বরং আরো বহু উদ্ভিদের নির্যাসে:
এটা একটা ফোঁটা নয় বরং অনেক নদী,
একজন অধিনায়ক নন বরং অনেক যুদ্ধ।
আর ওরা তোমার সমর্থক কারণ তুমি ওদের প্রতিনিধি
আমাদের দীর্ঘ সংগ্রামের সম্মিলিত সম্মান,
আর কিউবার যদি পতন ঘটে আমাদের সবার পতন হবে,
এবং আমরা আসবো তাকে তুলে ধরতে
এবং সে যদি পুষ্পশোভিত হয়
সে বিকশিত হবে আমাদের নিজস্ব মধুতে।
আর তারা যদি তোমার হাতে স্বাধীনতা পাওয়া
কিউবার কপাল ছোঁয়ার দুঃসাহস করে,
তারা দেখতে পাবে জনগণের মুষ্টিবদ্ধ হাত,
আমাদের পুঁতে রাখা অস্ত্রগুলোকে ফের বের করে নেবো:
রক্ত আর গর্ব এগিয়ে আসবে আমাদের উদ্ধারে,
আমাদের প্রিয় কিউবাকে রক্ষার জন্যে।
বিকেল ৩:১০
১৩.০৮.২০২০
ঢাকা
…………………………………………………………………………
*লা পাম্পা: দক্ষিণ আমেরিকায় আন্দেস পর্বতমালার পূর্বে নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত ঘাসে ঢাকা বিশাল সমভূমি
**কার্দিলেরাদের: কার্দিলেরাস, যার মানে সমান্তরাল একাধিক পর্বতমালা এবং তাদের মধ্যবর্তী মালভূমি ও অন্যান্য জিনিস নিয়ে গড়ে ওঠা একটা ভূসংস্থান; এ কবিতায় ‘কর্দিলেরাস’ বলতে দক্ষিণ আমেরিকার আন্দেস ও রকি পর্বতমালাদ্বয় ও তাদের মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে।
………………………………………………………………………………….
ছবি: পাবলো নেরুদা (বামে) এবং ফিদেল কাস্ত্রো