Poemকবিতাসাহিত্য

হে মহাবৃক্ষ

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
২৮ জুলাই, ২০২১
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

ডালপালা যেন ছুঁয়েছে অন্তরীক্ষ
প্রণাম তোমায়, প্রণাম হে মহাবৃক্ষ

তোমার ছড়ানো পাতাপল্লবে আলো
আমার নয়ন জুড়ালো, হৃদয় জুড়ালো

পাতায় পাতায় আলোছায়া করে খেলা
তন্দ্রা আলসে মগন গহন বেলা

শুকনো পাতারা ঝরে পড়ে ঘুরে ঘুরে
বিজন দুপুরে স্মৃতির অন্তঃপুরে

তুমি পরে নাও নবীন পাতার বেশ
চেয়ে চেয়ে শুধু দেখছি নির্নিমেষ

হে মহাবৃক্ষ, আকাশে তুলেছ শির
তুমি ইতিকথা অনেক শতাব্দীর

পিতামহেরও প্রপিতামহ তুমি
স্নেহছায়ায় পূণ্য করেছ ভূমি

যে করে তোমাকে আঘাত মনের বিকারে
সে অভিশপ্ত স্বজন হনন বিচারে

যে করে তোমাকে শাণিত কুঠারাঘাত
শিরে তার হোক সমূহ অশনিপাত

যে করে বৃক্ষ নির্মূল কল্পনা
তাকে নির্মূল করতে কি বলব না

হে মহাবৃক্ষ, যতদিন তুমি আছ
আমরা বাঁচি, এবং তুমিও বাঁচ

ততদিন বাঁচে জনপদ ইতিকথা
সকলই তো জানে বৃক্ষের নীরবতা

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)