যা ভাবার কথা, সেটা নিয়ে নেই ভাবনা
ভাত খেতে চাও, জুটবে মাড়, জাবনা।
যা বলতে চাও, সেটা বলতে পাবে না
বললেই যাবে পাগলা গারদে পাবনা।
যা ভাবার নয়, তা নিয়েই দিন-রাত ভাবো
ভাত পাবে যদি না বলো ‘গরম ভাত খাবো।’
বলার কথাটা গিলে ফেলো যদি — মারহাবা!
দেখবে, ‘পাবো না’ বলে কিছু নেই — শুধু ‘পাবো’।
এইভাবে তুমি পরিণত হলে রোবটে
তাতে কী এমন আসে-যায় বলো গো বটে!
যন্ত্রমানুষ হাতে ফেলে চৌকষ কটা
বদলিয়ে দেবে দুনিয়া এমনো তো রটে!
মানুষকে নিয়ে হ্যাপা, রোবটে হ্যাপা নেই
মানুষই খ্যাপা, যন্ত্রমানুষে খ্যাপা নেই।
বিশ্বের যত রোবটে রোবটে ভাই ভাই
রোবটিনীদের কোলজোড়া বুঁচি, ট্যাঁপা নেই।
নিজেকে মানুষ ভাবতে তোমার ঘৃণা হয়?
রোবটই হও, বলো সাধনায় কী না হয়!
মুনাফা পেলে বন্ধ্যা ভূমিও কেনা যায়
মানুষী দুনিয়াদারিও মানুষ বিনা হয়।