Poemকবিতাসাহিত্য

বলো, ‘ভালোবাসি’

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৯ জুন, ২০২০
পড়ার সময়: 2 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

[কবিতাটা লিখেছিলাম গত ফেব্রুয়ারিতে। কঠিন করোনাকাল তখনও শুরু হয় নি। অথচ তখনই কিছু কথা বলেছিলাম, যেগুলো এই অকরুণ করোনাকালে আরো প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে…। কথাটা সত্যি কিনা, কবিতাটা পড়ে যাচাই করে দেখতে পারেন আগ্রহী পাঠকেরা।]

হৃদয়গভীরে মন্দ্র স্বরে মন্ত্রোচ্চারণ করো– ‘ভালোবাসি!’
উচ্চারণ করো পলে পলে, দমে দমে,
তোমার হিংসাবৃত্তি, ঈর্ষা অসূয়া কমে আসবে ক্রমে ক্রমে…
তুমি দেখবে, তোমার চারপাশে শুধু গান আলো হাসি–
দোহাই লাগে, আন্তরিকভাবে
অন্তত একবার তুমি বলো– ‘ভালোবাসি!’

বললেই দেখবে তুমি ফুসমন্তর ম্যাজিক আখ্যান
তখন কোথায় মোদি, কোথা তালেবান!
কোথায় ট্রাম্প পুতিন কিংবা কিম ইল
সুঙ্! দেখবে হিংসা নয়, হাস্যরসে ভরেছে নিখিল।

অবদমন নয়, তুমি মুক্তকণ্ঠে বলো– ‘ভালোবাসি!’
তুমি বললে প্রতিধ্বনি উঠবে চারপাশে,
এগিয়ে আসবে তারা আরো যারা যারা ভালোবাসে।
সমুদ্রগর্জন হয়ে দিগন্তপালাবিত করবে ভালোবাসা… শুধু ভালোবাসা,
পাদপ্রদীপের আলো থেকে মঞ্চের তলায় ঠাঁই নেবে যত দুর্ভাষা দুর্বাসা।

রাত্রে শয্যায় তুমি ভালোবাসো, সকালে উঠেই হাতে খাঁড়া,
সন্তানকে দুধ-কলা খাইয়ে তুমি পড়শিকে বিষ দিতে একপায়ে খাড়া।
তোমার এসব পুরোনো অসুখ একদম সেরে যাবে
কিছুদিন থাকো যদি নিখাদ ভালোবাসার তাঁবে আর ভাবে।

‘ভালোবাসি’ না-বললে, সোনা ও অস্ত্রের দাম বাড়বে ক্রমাগত,
পৈশাচিক নারকীয় মৃত্যু সব ক্রমে হবে দ্বারে সমাগত।
তার চেয়ে পুষ্পবনে গোলাপকাঁটার ঘায়ে মৃত্যুস্বপ্ন নিয়ে
চলে যাও তুমি ভালোবেসে সর্বস্ব উজাড় করে দিয়ে।

ঘা-টা চুলকিয়ে চুলকিয়ে তুমি বড় করছো বাঁদর স্বভাবে।
এসব হয়েছে কিন্তু কিছু কিছু রক্তদোষ আর
সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে।
ভালোবাসার ইস্কুলে কিছুদিন পড়ো–
দেখবে তুমি হৃদয়ের আয়তন বেড়ে গেছে,
হয়ে গেছে ঢের বেশি দড় আর বড়।
সমস্ত পৃথিবী তাতে অনায়াসে যায় ধরে
‘ভালোবাসি’– এ কথাটা হৃৎপিণ্ডে একবার লিখে নিলে
অজর ও অমর অক্ষরে।

আসলে তোমার নিদান হাঁকা হয়ে গেছে, তবু
তোমাকে সত্যিই ভালোবাসি তাই
সর্বরোগহর ভালোবাসা বটিকার খোঁজ দিয়ে যাই।
খাও যদি আনন্দ ও সৃজনের পাখনা গজাবে,
আর না খেলে আখেরে পস্তাবে
যখন সময় থাকবে না…

যখন তুমিও করবে শোধ অনিবার্য নিয়তির দেনা।

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)