Poemকবিতাসমসাময়িক

নামগুলো

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৩০ মে, ২০২০
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

নামাবলী করে গায়ে জড়িয়ে রাখি নামগুলো
যোগাযোগ মাধ্যম খুললেই যেসব মৃত নাম–

টুপটাপ ঝরে পড়া যত বকুলের নাম…

নামগুলো মুঠো করে ধরে ঘ্রাণ নিই,
তাদের বিশীর্ণ পাঁপড়িতে ঝরে পড়ে
আমার চোখ থেকেও কিছু মৃত কোষ
অশ্রু যার নাম

জীবিত নামগুলোর স্বাভাবিক উষ্ণতার ফাঁকফোকর দিয়ে এখন
অবিরাম বয়ে চলেছে মৃত নামগুলোর হিমশীতল হাওয়া..

তারাকীর্ণ আকাশ থেকে অবিরল খসে পড়তে থাকা তারাদের প্রতিদ্বন্দ্বী হয়ে
মাটি ছুঁড়ে দিচ্ছে অজস্র মৃত নামের তির আকাশের দিকে…

বাসে ট্রেনে বিমানে ফাঁকা রাখা হচ্ছে
ক্রস চিহ্ন দেয়া মাঝখানের আসনগুলো
মৃত নামগুলোর জন্যেই

এখন থেকে হয়তো
মৃত নামগুলোর হাত ধরেই হেঁটে যাবে
জীবিত নামগুলো
অনাগত আগামীর দিকে…

আমি তাই
হাত খসে গেলে যদি খাদে পড়ে যাই
এই ভয়ে মৃত নামগুলো
জপমালা করে বুকে ধরে রাখি…

তবু জানি আরো কেউ কেউ ঝরে পড়বে অকালে বকুল
হয়ে যাবে মৃত নামাবলী
হাড়হাভাতে জীবনের গায়ে–

হয়তো আমিও…

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)