Poemকবিতাসাহিত্য

ঝরাফুলগীতি

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
২৮ জুলাই, ২০২১
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

চুপচাপ টুপটাপ ঝরে যাচ্ছে সব
ঝাঁকে ঝাঁকে শিউলির ঝরার উৎসব

নীরবে ঝরছে সব, হাওয়াও কি জানে
এতসব অনর্থক ঝরার কী মানে

শিউলি ঝরিয়া গেলে গন্ধ তার ভাসে
কিছুক্ষণ অতীতের করুণ উদ্ভাসে

তারপর রুক্ষ দিন বাস্তবতা রোদ
খরতর মুছে দেয় বেদনার বোধ

মুছে দেয় সৌরভের রেশ সর্বশেষ
কর্মঘর্মগন্ধে ঢাকে সব অবলেশ

বাকিটুকু ঢাকে কিছু বেদনাবিলাসে
বিলাপে বা বাক্যজালে লাশের কি আসে

বৃক্ষতল পরিকীর্ণ পুষ্পমৃতদেহ
ক্রমে ক্রমে ফুল কিনা জাগায় সন্দেহ

আঁধারে আলোকবিন্দু স্ফুরিত শেফালী
ঝরে গেছে, যাহা বুঝি জানে বনমালী

আমরা বুঝি না কিছু জীবনের ঘোরে
কখন শিউলি ফুটে ঝরে গেছে ভোরে

ঝরে যাচ্ছে একে একে টুপটাপ সব
চুপচাপ শেষ হচ্ছে শিউলি উৎসব

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)