Poemকবিতাসাহিত্য

ছেলেটা

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
১৫ জুন, ২০২০
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

Sushant Singh Rajput:
Blurred past evaporating from teardrops
Unending dreams carving an arc of smile
And a fleeting life,
negotiating between the two…
#माँ ❤️ 

ছেলেটা ছিলো শান্ত
কেন হলো পথভ্রান্ত
নাকি এ পথই ছিলো ঠিক পথ
এ পরিণতি সে জানতো

বিশ কেন এত বিষ হয়
বাতাস মৃত্যুশিস হয়
কেন ছেলেটার স্নায়ুতে রক্তে
এত ‘বিপন্ন বিস্ময়’

ঝাপসা অতীত সিন্ধু
গলিত অশ্রুবিন্দু
হয়েছে, তবুও শ্রান্ত ছেলেটা
বাঁচতে পারতো দিন দুই

অধরা স্বপ্ন আঁকে
বাঁকা হাসি নদীবাঁকে
হাসি ভালো নাকি কান্না বুঝতে
শেষবার ডেকে মাকে

কীর্তি বিত্ত অর্থের
যত পিছুটান মর্ত্যের
ফেলে ঢুকে গেছে সরীসৃপের
মতন কৃষ্ণ গর্তে

আসলে খুবই ক্লান্ত
ছিলো সে ছেলেটা, জানতো
অনেক পেয়েও হয় না কো ছোঁয়া
অধরা আঁচলপ্রান্ত…

তবু প্যাঁচা থুত্থুরে
উড়ছে জগৎ জুড়ে
বুড়ি চাঁদ বেনো জলে ভেসে গেলে
চেপে ধরে অঙ্কুরে

জীবন নামের ইঁদুর
নিয়ে যায় হায় কী দূর
তীক্ষ্ণ নখরে, শোণিতলিপ্ত
মৃত্যুবেদনাবিধুর

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)