Poemকবিতাসাহিত্য

গাছের ছায়া, বনের মায়া

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
২৮ জুলাই, ২০২১
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

গাছের ছায়া, বনের মায়া
ফিরিয়ে দিতে কি পারবি
যা কিছু তুই গ্রাস করছিস
পরির পাহাড়, সিআরবি

জালালাবাদ, গোলপাহাড়
বাটালি হিল, প্রবর্তক
ঝিল্লীমুখর সুঁড়িপথের
ফয়’স লেক আরণ্যক

কিরির কিরির শব্দে কাটত
সুতাটেঁইয়ের সুতো,
শুনতে শুনতে ভরদুপুরে
নিদ্রা ফিরে শুতো

বাতাস ছুঁতো লালদিঘি আর
কমলদহের জল
আস্কারদিঘির বুকে পাহাড়ের
ছায়ারা টলমল

চিরকাল যে শহর জানি
বনপাহাড়ের কন্যা
আজকে কেন ইটপাথরে
রুদ্ধশ্বাসের বন্যা

কেটেও খেলি, কেড়েও খেলি
ভাগেযোগে সাত ভাই
খাস তো ভালো, মারিস কেন
আমাদেরও পাতটাই

আমরা কিছু আছি ছাগলের
তিন নম্বর বাচ্চা
না খেয়ে লাফাই, আর আওড়াই
বাক্যবচন সাচ্চা

ফাঁকতালে সব ঠিকই লুটে নেয়
লক্ষ্মীর যত পেঁচারা
আমরা তাকিয়ে তাকিয়ে দেখি
আমজনতার বেচারা

একদিন জেগে উঠে দেখব
দুঃস্বপ্নের প্রহরে
গিরি বন নেই, গিরিনন্দিনী
বনকুন্তলা শহরে

আছে কিছু লোভ, আর কিছু ক্ষোভ
দালানকোঠার জঙ্গল
পুরোনো স্মৃতিই হবে শুধু
আমাদের শেষ সম্বল

জন্মশহর, তোমার জন্যে
অক্ষম কিছু শব্দ
লিখে রেখে হয়ে যেতে চাই চির
নীরব নিথর স্তব্ধ

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)