Poemকবিতাসাহিত্য

আমার শুধু জল

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৭ জুন, ২০২০
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

আমার কোনো আগুন নেই
শুধুই চোখের জল,
ধমনী-শিরায় রক্ত নেই,
জলের চলাচল।

পোড়াতে পারি না কাউকে, শুধু
ভাসিয়ে নিতে চাই।
বৃষ্টি হয়ে ঝরতে চাই
ওড়ে যখন ছাই।

আমার কোনো কামনা নেই,
আছে শুধুই প্রেম,
কাম্য কিছু পাই নি তাই,
শুধুই হারালেম।

আমার কোনো আগুন নেই
দহন নেই বলে
জড়ীভূত হয়ে আছি
হিমানী অঞ্চলে।

আমার ভাষা সরল অতি,
অতীব প্রাঞ্জল–
আমার প্রাণ প্রবহমান,
আমার প্রাণ জল।

আগুন নিয়ে কাছে আসো,
সুদূরে যাই সরে,
আমাকে তুমি কাছে টানো
সজল অন্তরে।

ভেতর-বাহির পোড়ায় দেখো
দারুণ হলাহল,
পোড়ায় দেশ, পোড়ায় কাল
প্রবল দাবানল।

দিবানিশি দিশি দিশি
যখন যায় জ্বলে
শুশ্রূষায় নেবে কখন
শীতল জলতলে?

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)